চাঁদপুরের হাজীগঞ্জ ডাকাতিয়া নদী থেকে এক ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজের নিচে ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিনের ট্রলার ডুবে শ্রমিক জিহাদ হোসেনের (১৭) মৃত্যু হয়- এমনটা জানায় পুলিশ।
রবিবার সকালে ড্রেজার নদীর পাড়ে এনে ভেতর থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। জিহাদ হোসেন লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের আবু সাঈদের ছেলে।
মেসার্স নির্মাণ ট্রেডার্সের কর্মচারী মো. হাবিব জানান, রাতে ড্রেজারে পানি ঢুকে নদীতে ডুবে যায়। ওই সময় জিহাদ ঘুমিয়ে ছিল। ভোররাতে তার বাবা আবু সাঈদ ফোন করে তাকে পায়নি। সকালে ঘটনাস্থলে আসলে ডোবা অবস্থায় ড্রেজারটি দেখতে পায়। কয়েকজন লেবার মিলে ড্রেজারটি নদীর পাড়ে নিয়ে আসে। পরে ভেতর থেকে জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, জিহাদ তার মামা কামরুল ইসলামের সাথে মেসার্স নির্মাণ ট্রেডার্সে শ্রমিকের কাজে করত।
হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, জিহাদের বাবা এসে মৃতদেহ নিয়ে গেছে। তাদের পরিবার থেকে কোনো অভিযোগ নেই।