ঢাকা শিশু হাসপাতাল চত্বরে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর শিশু হাসপাতাল চত্বরে মো. মামুন নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদিও নিহতের ভাইয়ের দাবী এক প্রতিবেশীর মেয়েকে দেখতে হাসপাতালে যান মামুন।

রোববার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মামুন (৩২) পল্লবী এলাকার চা দোকানদার ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান।

নিহতের ভাই মাসুদ রানার দাবী, প্রতিবেশী নুরুজ্জামানের অসুস্থ মেয়েকে দেখতে শিশু হাসপাতালে যান মামুন। সেখানে হাসপাতালে ঢোকার সময় আনসার সদস্যদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ভাই এক আনসার সদস্যের গায়ে হাত তোলেন। এ সময় আনসাররা চোর বলে চিৎকার করলে সেখানে কয়েকজন অ্যাম্বুলেন্স চালক এসে তার ভাইকে পিটিয়ে হত্যা করেন।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, হাসপাতাল থেকে সাইকেল চুরির সময় উপস্থিত জনতা মামুঙ্কে মারধর করে।

শেরেবাংলা নগর থানার এসআই আল মামুন বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।