‘অন্যরকম একটা দিন আজ, প্রথম রোজা। বড় মেয়ে অন্য দেশে, পড়াশোনার জটিল চাপে নাজেহাল প্রায়। তার মধ্যে রোজা, সাহরি, ইফতার জানি না কী করে সব করবে। আমি জানি আমাকে মুখে বলবে না যে, সে আমাদের কতটা মিস করছে, কতটা কষ্ট করছে। শুধু একজন মা-ই বোঝে এই দোটানা, এই শূন্যতা। আমরা যারা অনেক দেখা, অনেক অভিজ্ঞতায় বড় হওয়া, জীবনের এই অংশে এসে ভাবি, আর কী, সবই হয়ে গেছে, সব বুঝি, সব কষ্ট পাওয়া শেষ। আমিও এ রকমই ভাবতাম এক সময়, কোনো কষ্টই আমাকে আর ক্ষত করতে পারবে না। আমি ভুল ছিলাম। শুধু মায়ের কষ্টের কোনো শেষ নেই।’
সন্তানের প্রতি মায়ের আবেগ চিরাচরিত। সেই মায়ের অবস্থান যা-ই হোক না কেন? শোবিজ তারকাদের নিয়ে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি থাকে। কিন্তু কিছু কিছু আবেগের জায়গায় সব মানুষই সমান। সে কথাই উঠে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের ফেসবুক পোস্টে। তিনি প্রথম রোজার ইফতারির সময় এই হৃদয়ঘন কথাগুলো তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
এদিকে আঁখির গানের ব্যস্ততা বরাবরের মতোই চোখে পড়ার মতো। সম্প্রতি দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হন জনপ্রিয় এই গানের তারকা। একটি কনসার্টে ২৫ হাজার দর্শকের সামনে গাইলেন তিনি। গত ১৮ মার্চ এই কনসার্ট অনুষ্ঠিত হয়। আঁখির সঙ্গে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। আঁখি জানান, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই পারফর্ম করেন তিনি ও ফেরদৌস। জানা যায়, এই অনুষ্ঠান দেখতে এত লোকের ভিড় হয় যে অনেকে জায়গা না পেয়ে গাছের ডালে, ভবনের ছাদে উঠেও দেখেন অনুষ্ঠানটি। আঁখি বলেন, ‘এত বিপুল পরিমাণ শ্রোতার মধ্যে লাইভ পারফরমেন্স করার মজাই আলাদা। ওখানকার অডিয়েন্স দারুন ছিল। খুব ভালো লেগেছে গানে গানে তাদের সুরের মূর্ছনায় মাতিয়ে দিতে।’