প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত, ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন।

রোববার (২৬ মার্চ) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। নেতানিয়াহু সরকারের নেওয়া ‘বিচারব্যবস্থা সংস্কারের’ উদ্যোগের বিরুদ্ধে কথা বলার পরদিনই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো গ্যালান্টকে।

তবে গ্যালান্টের বরখাস্তের ঘোষণা দিলেও তার স্থলাভিষিক্ত কে হবেন সে ব্যাপারে কিছু জানায়নি নেতানিয়াহুর কার্যালয়। তবে বিচারব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন নেতানিয়াহু তা প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তেই দৃশ্যমান।

এদিকে, প্রতিরক্ষামন্ত্রীকে আকস্মিকভাবে বরখাস্ত করার পর হাজার হাজার বিক্ষোভকারী ইসরায়েলের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির বাইরেও জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

নেতানিয়াহুর এই পদক্ষেপে সামরিক বাহিনী ও ব্যবসায়ী নেতৃত্বও ক্ষুব্ধ হয়েছেন। উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের মিত্র দেশগুলোও।

সমাজে বিভক্তির বিষয়ে বারবারই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন গ্যালান্ট। তাঁর মতে, এতে সামরিক বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত হবে এবং এই অঞ্চলে ইসরায়েলের শত্রুদের উৎসাহিত করবে।

প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্তের বিষয়টি জানার পরপরই ৬৪ বছর বয়সী গ্যালান্ট টুইটারে বলেন ‘ইসরায়েলের নিরাপত্তা সবসময়ই আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।’ গ্যালান্ট ক্ষমতাসীন লিকুদ পার্টির জ্যেষ্ঠ সদস্য যিনি নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে প্রথম কথা বললেন।