এক ঘণ্টার পথ তিন ঘণ্টায়

সকাল নয়টা। খিলক্ষেত বাসস্ট্যান্ড থেকে গন্তব্য বাংলামোটর। দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। স্বাভাবিকভাবে গণপরিবহনে আসতে সময় লাগে এক ঘণ্টা। কিন্তু রমজানের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে তীব্র যানজটের কারণে আজকে আসতে সময় লেগেছে তিন ঘণ্টা।

শুক্রবার রোজা শুরু হলেও সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে রোববার পর্যন্ত রাজধানীর সড়কগুলো ছিলো অনেকটাই ফাঁকা। টানা তিন দিনের ছুটি শেষে সোমবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র জট লক্ষ্য করা গেছে।

এতে অফিসগামী মানুষকে নাকাল হতে হয়েছে। একই জায়গায় দীর্ঘ সময় আটকে থেকে সময় পার করতে হচ্ছে। অফিসগামীরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। ঠিক সময় অফিস যেতে পারবো কিনা জানি না।

রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট ও বিমানবন্দর থেকে মহাখালী সড়ক পর্যন্ত গাড়ির চাপ ছিল বিগত দিনের তুলনায় অনেক বেশি।

সময়মতো অফিসে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মোস্তাফিজুর রহমান। বাংলামোটরের অফিসের উদ্দেশে খিলক্ষেত থেকে বাসে উঠে ফার্মগেট পর্যন্ত আসতে সময় লেগেছে আড়াই ঘণ্টার বেশি, যেখানে স্বাভাবিক সময় আসতে সময় লাগে ৪৫ মিনিটের মতো। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অফিসে সময়মতো পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। এখনই এ অবস্থা। কিছু দিন পর যখন শপিং করার চাপ বাড়বে, তখন তো পরিস্থিতি আরও জটিল হবে।

আনিসুর রহমান। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি জানান, মোটরসাইকেলে তার মিরপুর-১৩ থেকে সেগুনবাগিচায় আসতে সময় লাগে ৪৫ মিনিট। কিন্তু আজকে তার আসতে সময় লেগেছে দেড় ঘণ্টারও বেশি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর রূপ ধারণ করে যানজট। শুধু মিরপুর সড়কেই দেখা যায়, টেকনিক্যাল থেকে কল্যাণপুর, শ্যামলী হয়ে আসাদগেট আসতেই যেন ঘণ্টা পার। সামনের দিনে ঈদের কেনাকাটা শুরু হলে পরিস্থিতি আরও তীব্র রূপ ধারণ করার শঙ্কা অনেকের।