সবাই ভালো থেকো লিখে লাইভে এসে শিক্ষার্থীর আত্মহত্যা

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে রঞ্জু আহমেদ নামের এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছিকাটা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জু উপজেলার কাছিকাটা এলাকার হরফ আলীর ছেলে এবং কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে ফেসবুক লাইভ চালু করে নিজ ঘরে চালের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন জানতে পেয়ে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার আগে রঞ্জু আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘শেষ আয়োজন! এবং শেষ ঠিকানা! কখন জানি মৃত্যু এসে বলবে, চলো এবার যাওয়া যাক। ‘জিন্দা থাকলে নিন্দা তো হবেই, সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয়না! সময় যখন থমকে যাবে, শেষ হবে সফর! বিদায় দেবে বন্ধু-স্বজন, স্বাগত জানাবে পরপার।’ কিছুক্ষণ পর ফেসবুকে আরেক স্ট্যাটাসে লেখেন, ‘সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো ওপারে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।