অবশেষে পূরণ হলো নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন। বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একটি ব্যস্ততম রাস্তার নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট।’ বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৭৩ স্ট্রিট এখন থেকে নতুন নামেই পরিচিত হবে।
রবিবার (২৭ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশ স্ট্রিটের নামফলক উম্মোচন করেন জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নবনির্বাচিত সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান। এ সময় ইউএস কংগ্রেস ওম্যান গ্রেস ম্যাংসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তবে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস জানিয়েছে, যথাযথ আমন্ত্রণ না পাওয়ায় নিউ ইয়র্কের বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না। তবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এ সময় তাদের উচ্ছ্বাস ছিল অনেক বেশি। তারা বলছেন, এভাবেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবদান স্বীকৃতি পাচ্ছে।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নেতারা প্রায় এক বছর ধরে রাস্তাটির নামকরণ নিয়ে কাজ করে আসছিলেন। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি কাউন্সিলম্যানদের সাধারণ সভায় ‘বাংলাদেশ স্ট্রিট’ নামকরণের সিদ্ধান্ত নিলে পরে ৪৭-০ ভোটে তা পাস হয়। বিলটির সিদ্ধান্ত নম্বর হল আইএনটি ৮৯৭।
প্রসঙ্গত, এর আগে নিউইয়র্কের দুটি এলাকায় লিটল বাংলাদেশ এভিনিউ নামকরণ করা হয়েছিল।