চট্টগ্রাম-৮ (বোয়ালখালি-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদসহ মোট ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে সোমবার (২৭ মার্চ) প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ সোমবার দুপুরে রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টিও মো. কামাল পাশা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মো. রমজান আলী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী, ২৯ মার্চ মনোনয়নপত্র বাছাই, ৫ এপ্রিল প্রত্যাহার, ৬ এপ্রিল প্রত্যাহার ও ২৭ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।