স্থপতি ইমতিয়াজ হত্যা: একজনের স্বীকারোক্তি, ২ জন রিমান্ডে

রাজধানী ঢাকার স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) হত্যায় গ্রেপ্তার আসামি এহসান ওরফে মেঘ (২৩) মুন্সীগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার অপর আসামি মিল্লাত হোসেন মুন্না (১৯) ও মো. আনোয়ার হোসেন অভির (৩৮) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারের কাছে মেঘ ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এদিন দুপুর আড়াইটার দিকে স্থপতি ইমতিয়াজ হত্যায় অভিযুক্ত তিন আসামিকে মুন্সীগঞ্জে আদালতে আনা হয় বলে জানান কোর্ট পরিদর্শক জামাল হোসেন।

তিনি জানান, ডিবি পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করে। এতে ম্যাজিস্ট্রেটের কাছে মেঘ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া অপর দুই আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে ডিবি পুলিশ সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত সন্দেহে একটি গাড়িও জব্দ করে।

ঢাকার তেঁজগাঁও থানা এলাকায় স্বপরিবারে বসবাস করতেন স্থপতি ইমতিয়াজ। গত ৭ মার্চ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন ৮ মার্চ ঢাকার কলাবাগার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। একই দিন রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামের সেতুর পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এরপর মুন্সীগঞ্জ পৌর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়। পরবর্তীতে স্বজনরা স্থপতি ইমতিয়াজের লাশ শনাক্ত করে। এ ছাড়া আদালতের অনুমতি নিয়ে কবরস্থান থেকে তার লাশ উত্তোলন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।