অস্থায়ী ব্যাংকিং কমিশনের দাবি সিপিডির

ব্যাংক ব্যবস্থায় সুশাসন ফিরিয়ে আনতে অস্থায়ী ব্যাংকিং কমিশনের দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল সোমবার ‘জাতীয় বাজেট ২০২৩-২৪ সিপিডির সুপারিশমালা’ শীর্ষক সংলাপে সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ দাবি তোলেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, ‘ব্যাংকের স্বাস্থ্য সব সময় খারাপ ছিল এমন নয়। অতীতেও ব্যাংকিং কমিশন গঠন করা হয়েছিল। তারা ব্যাংকের সমস্যা বিশ্লেষণ করে কিছু সুপারিশ দিয়েছেন, যার থেকে অনেক সুপারিশ বাস্তবায়নও করা হয়। সেগুলোর সুফলও অতীতে দেখা গেছে। এ জন্যই আমরা নতুন করে ব্যাংকিং কমিশন গঠন করার দাবি জানাচ্ছি।’  তিনি আরও বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থার সুশাসনের জন্য আমরা যেই কমিশনের দাবি করেছি, সেটা কোনো স্থায়ী কমিশন নয়। আমরা বলছি একটা অস্থায়ী কমিশন গঠন করতে। তিন বা ছয় মাসের ভিত্তিতে যারা অভিজ্ঞ এবং এ বিষয়ে কাজ করেন তাদের নিয়ে একটা কমিশন গঠন করা প্রয়োজন।