‘নরকে’ স্বর্গীয় জয় বার্সেলোনার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ এএম

ইস্তাম্বুলের ‘নরক’ জয় করে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের দাপট ধরে রাখল বার্সেলোনা। রামস পার্কের বৈরী আবহ ও স্বাগতিক গ্যালারির গর্জনে ২৭তম মিনিটে গোল খেয়ে শুরুতে থমকে গিয়েছিল কাতালানরা। তবে সেই ধাক্কা সামলে নিখুঁত কাউন্টার অ্যাটাক ও দুর্দান্ত ফুটবলে স্বাগতিকদের রক্ষণ চুরমার করে শেষ পর্যন্ত গালাতাসারাইকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয় হান্সি ফ্লিকের দল। পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে টানা ১০ ম্যাচে জয়ের ধারা অক্ষুণœ রাখল বার্সেলোনা।

খেলার ধারার বিপরীতে গিয়ে ম্যাচের ২৭তম মিনিটে গ্যালারির উন্মাদনাকে পুঁজি করে প্রথম আঘাত হানে গালাতাসারাই। বাঁ প্রান্ত দিয়ে রাফায়েল লেয়াওর বাড়িয়ে দেওয়া বল থেকে অলেক্সি বাত্রাকভের জোরালো শট বার্সা ফুলব্যাক জোয়াও কানসেলোর পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। তবে গোল হজমের বিষাদ কাটিয়ে প্রথমার্ধেই সমতা ফেরান কানসেলো। ৩৭তম মিনিটে দানি ওলমোর বাড়িয়ে দেওয়া সূক্ষ্ম থ্রু পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ১-১ করেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

সেখান থেকে বিরতির পর শুরু হয় ১৯ বছর বয়সী বিস্ময় তরুণ লামিন ইয়ামালের একক নৈপুণ্য। ৫০তম মিনিটে ডান প্রান্ত থেকে তার মাপা ক্রসে দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। এর ঠিক ৩ মিনিট পর আবারও ইয়ামাল জাদু; ডি-বক্সের ভেতর বাইলাইনের কাছে ডিফেন্ডারকে বোকা বানাতে এক অভিনব কৌশল নেন ইয়ামাল। ডান পায়ে ‘রাবোনা’ শটের ভান করে বলের পথ বদলে বাঁ পায়ে নিয়ন্ত্রণে নেন তিনি। প্রতিপক্ষের ডিফেন্ডারকে মাটিতে ফেলে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে একদম মাপা শটে খুঁজে নেন গর্ডনকে। সেখান থেকে গোল করতে ভুল করেননি এ ইংলিশ উইঙ্গার।

৬৫তম মিনিটে ম্যাচের চতুর্থ গোলটির নেপথ্যেও ছিলেন এই তরুণ তারকা। ইয়ামালের তৈরি করে দেওয়া সুযোগ থেকে বদলি নামা গ্যাব্রিয়েল জেসুস বল নিয়ন্ত্রণে নিতে না পারলেও পাশে থাকা কারিম আদেইমি বুলেট গতির শটে স্কোরলাইন ৪-১ করেন। নিজে গোল না পেলেও তিন গোলে মুখ্য ভূমিকা রেখে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইয়ামালই।

তার এমন চোখ ধাঁধানো পারফরম্যান্স নিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ ফ্লিক বলেন, ‘লামিন দ্বিতীয় অর্ধে অসাধারণ খেলেছে। এই স্তরে ওর মতো একজন খেলোয়াড় থাকাটা সত্যি দারুণ। সে একাই আমাদের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত