নির্যাতন-হেফাজতে মৃত্যু নিবারণ আইনের সুষ্ঠু প্রয়োগ চায় ব্লাস্ট

র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ এবং নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩ এর সুষ্ঠু প্রয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

ব্লাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতের পরিবারের পক্ষ থেকে হেফাজতে নির্যাতনের ফলে এ মৃত্যুর ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। গত ২২ শে মার্চ ২০২৩ তারিখ র‌্যাব তাকে আটক করে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও মামলাটি দায়ের করা হয়েছে তাকে আটকের প্রায় ৩১ ঘণ্টা পর। গত ২৫ মার্চ ২০২৩ তারিখ তার লাশ বুঝে পায় পরিবার।

এ ঘটনায় বেআইনি আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে প্রচলিত আইন ও উচ্চ আদালতের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে ২০১৩ সালে প্রণীত আইনের সুষ্ঠু প্রয়োগ এবং ডিজিটাল নিরপত্তা আইন বাতিলসহ নিহত ব্যক্তির পরিবারের নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।