মানসিক ভারসাম্যহীন এক নারী (৩০) ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উজিরপুর উপজেলার ইচলাদীর টোলপ্লাজা এলাকায় এক ছেলেসন্তানের জন্ম দিয়েছে।
গত সোমবার রাত ১১টার দিকে ওই পাগলি বাচ্চার জন্ম দিলে তাৎক্ষণিকভাবে রাতেই উজিরপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর আঁখি শেখ (৩৫) মা ও নবজাতককে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন। তবে সন্তানটির বাবার পরিচয় মেলেনি।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, তারা দুজনই সুস্থ আছেন।
এদিকে, পাগলির সন্তান জন্ম দেওয়ার খবরে উৎসুক জনতা হাসপাতালে ভিড় করেন। একাধিক ব্যক্তি পাগলির জন্ম দেওয়া সন্তানটি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। স্থানীয়রা জানিয়েছেন, মানসিক ভারসম্যহীন পাগলি দীর্ঘ দিন ধরে উজিরপুর উপজেলার ইচলাদী ও তার আশপাশ এলাকায় রাত্রিযাপন করত।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন, সদ্য ভূমিষ্ঠ নবজাতক ও তার মানসিক ভারসম্যহীন মা হাসপাতালে চিকিৎসাধীন।