গাইবান্ধা জেনারেল হাসপাতাল, সাত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করে চিকিৎসা সেবার মান উন্নত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন আমিনুল ইসলাম গোলাপ, প্রণব চৌধুরী খোকন, বাসদ নেতা গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে। ফলে পর্যাপ্ত চিকিৎসাসেবা রোগীরা পান না। প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয় না। রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, অপরিচ্ছন্ন টয়লেট-বাথরুম, দালালের দৌরাত্ম্যসহ বিভিন্ন অব্যবস্থাপনা দূর করে উন্নত চিকিৎসাসেবার দাবি জানান বক্তারা।
অবস্থান কর্মসূচি শেষে সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন সংগঠনের কর্মীরা।