প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ভাশুর আটক

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারমিন আক্তার মনি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাশুর খোরশেদ আলমকে আটক করেছে পুলিশ। নিহত শারমিন একই গ্রামের মন্তাজুর রহমানের ছেলে মাসুদ আলমের স্ত্রী।

নিহতের ভাই সালেহ আহাম্মদ জানান, ১২ বছর আগে মাসুদ আলমের সঙ্গে আমার বোন শারমিন আক্তার মনির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার মেজো ভাশুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলে। এ নিয়ে সালিশে কয়েকবার সে দোষীসাব্যস্ত হয়। এতে মনির প্রতি সে আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে উভয়ের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর মনি ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনতে যায়। এ সময় খোরশেদ ঘর থেকে দা এনে মনিকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত-দুই পা কেটে ঝুলিয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য লাকসাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শারমিন আক্তার মনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত ছায়দুল হক মোল্লার মেয়ে।

মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম বলেন, ‘স্থানীয় লোকজনের সহায়তায় শাহপুর এলাকা থেকে অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেজো ভাই সালেহ আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।’