ঈদুল ফিতরে আসছে অনন্ত জলিলের ‘কিল হিম’

নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মত কোন সিনেমায় অভিনয় করলেন চিত্রতারকা অনন্ত জলিল। ‘কিল হিম’ সিনেমায় তাকে দেখা যাবে কিলার চরিত্রে এবং তার স্ত্রী বর্ষাকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। এমনটাই জানিয়েছেন নায়ক নিজে।

জানা গেছে, আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত-বর্ষা অভিনীত এ সিনেমাটি। কিছুদিন আগেই সিনেমাটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে নায়ক জানান, ছবিট ঈদুল ফিতরে মুক্তি পাবে।

সেখানে তিনি বলেন, সবাইকে আসসালামু আলাইকুম। ‘কিল হিম’ সিনেমাটি ঈদে আসছে। এই সিনেমাটি পুরো অ্যাকশন বেইজড। এখানে আমি কিলার চরিত্রে অভিনয় করেছি। বর্ষা নেগেটিভ চরিত্র করেছে আর এখানে রুবেল ভাইও একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র করেছে। আমি কিছু ছবি পোস্ট করেছিলাম যেখানে আমাকে পুলিশের পোশাক পরতে দেখা গিয়েছে। কিলার হয়েও পুলিশের পোশাক কেন পরেছি, এটা নিয়ে একটা টুইস্ট আছে ছবিতে। আমি সবসময় ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি। এখানেও ছবির গল্পটা ডিফারেন্ট, দর্শকরা দেখার পর বুঝবেন এমন গল্প আগে দেখেন নি।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট করেন ঢাকাই সিনেমার এই নায়ক।
পোস্টের ক্যাপশন হিসেবে অনন্ত জলিল লিখেছেন, ‘আমরা জানি ‘কিল হিম’ মুভিতে অনন্ত জলিল একজন কিলার। কিন্তু পুলিশের ড্রেসে কেন? এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। সবাই মুভিটির সফলতার জন্য দোয়া করবেন।’

অনন্ত-বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, কলকাতার রাহুল দেব প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ইকবাল।