বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের আমিরুল সরদার হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তারা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তহিদুল-শাহিন গ্রুপের সালিশে আমিনুলের সঙ্গে শাহিনের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে বৈঠক শেষে শাহিন ও তার সহযোগীরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আমিনুলকে। তহিদুল-শাহিনসহ এ হত্যায় জড়িত সবার ফাঁসি চায় এলাকাবাসী।
নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি কার্যকর হয়।’ এ সময় তার বোন আফরোজা, মেয়ে রিয়ামনি সঙ্গে ছিলেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ বলেন, হত্যা মামলায় ইসলাম কবিরাজ ও আবু বক্কর নামে দুই সহোদর এবং ওয়াহেদ আলী নামে তিনজনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।
গত ২২ মার্চ রাতে মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে আমিরুল সরদারকে ডেকে নিয়ে শাহিন ও তার সহযোগীরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।