পিকআপ ভ্যানের তেলের ড্রামে করে ঢাকা থেকে ১১০ কেজি গাঁজা নিয়ে দু'জন যাচ্ছিলেন দিনাজপুর। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাভূমি এলাকার হোসেন মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২৯) ও একই এলাকার আব্দুর ওহিদের ছেলে মো. তমু মিয়া (৪০)।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, ঢাকা থেকে তেলের পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে দিনাজপুর যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। এমন গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা থেকে দিনাজপুরগামী তেলবাহী পিকআপ ভ্যানে তল্লাশি করে ড্রামে লুকানো ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।