রংপুরের তারাগঞ্জে এক নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর করা মামলায় আল-আমিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই নারী একটি কেশ কোম্পানিতে চাকরী করতেন। তার সঙ্গে আল-আমিনের মুঠোফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। আল-আমিন নীলফামারী সদর উপজেলার ৯নং ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া, হঠাৎপাড়া এলাকার এ কে এম আজাদ মিয়ার ছেলে।
গত দুই সপ্তাহ পূর্বে ওই নারীকে কৌশলে অপহরণ করে সৈয়দপুর শহরে ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন আল-আমিন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে আল-আমিন ওই নারীর সাথে তার কর্ম স্থলে দেখা করতে আসলে এলাকাবাসী তাকে আটক করে। বৃহস্পতিবার রাতেই ওই নারী বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আল-আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, শুক্রবার সকালে অপহরণের পর ধর্ষণ মামলায় গ্রেপ্তার আল-আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।