ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ২

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল সড়কের বাইপাস মোড়ে ট্রাক্টরের ধাক্কায় রুমা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন রুমার মা কুলসুম ও মামা মীর শহিদ। নিহত রুমা পুরানাপৈল এলাকার মাষ্টার পাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরোয়ার আলম।

পুলিশ ও স্থানীয়রা বলেন, রুমা ও তার মা-মামার সঙ্গে অটোরিক্সায় করে সদর উপজেলার হিচমী এলাকার নানার বাড়ি থেকে তাদের নিজ বাড়ি ফেরার পথে পুরানাপৈল পাইকরতলী তিনমাথা রোডে আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর তাদের গাড়িটিকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই রুমার মৃত্যু হয়।

এসময় গুরুতর আহত হন রুমার মা এবং অটো চালক মামা। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে, রুমার মায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এদিকে ট্রাক্টরটি আটক করলেও ড্রাইভার-হেলপার পলাতক রয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য তারাকুল ইসলাম বলেন, এসব ট্রাক্টর চালকরা অদক্ষ ও তাদের কোনো প্রশিক্ষণ নেই। যেখানে শিশুটির মৃত্যু হয়েছে সেটা জয়পুরহাট ও বগুড়ার গুরুত্বপূর্ণ বাইপাস। সেখানে স্পিড ব্রেকারও নেই। স্পিড ব্রেকার থাকলে দুর্ঘটনা হতো না। প্রশাসনের ব্যাবস্থা নেওয়া উচিত।