পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে আটক!

কুমিল্লায় পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে রিকশায় ঘোরার সময় মো. সাগর হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ পরিচয়ে প্রতারণা করার অভিযোগে তাকে আটক করা হয় বলে শনিবার (১ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার আবদুল মান্নান।

আটককৃত মো. সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার আবদুল মান্নান জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, কিছুদিন পূর্বে সারাদেশে পুলিশ কনস্টেবল নিয়োগে তার চাকরি হয়েছে বলে বান্ধবীকে জানায়। এ সময় পুলিশের পোশাক পরে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়। এরই মধ্যে ওই বান্ধবীকে নৌ-বাহিনীতে চাকরি দেবে বলে প্রলোভন দেখাতে শুরু করে ওই যুবক। ইতিমধ্যে তার বান্ধবীর কাছ থেকে সকল কাগজপত্রও নিয়েছে সে। ওই বান্ধবীর সঙ্গে চলা ঘনিষ্ঠ সম্পর্কের অপর বান্ধবীকেও ওই চাকরি দেবে বলে শুক্রবার পোশাক পরে চান্দিনায় আসে সাগর হোসেন।

বান্ধবীকে নিয়ে রিকশায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের। এ সময় চান্দিনা থানা পুলিশের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছে বলে দাবি করেন ওই যুবক।

তার কথায় গড়মিল থাকায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানায়, বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতে এ কৌশল নিয়েছেন। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, পোশাক, জুতা ও পুলিশের ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।