বগুড়ায় চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চার যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে শহরের সাতমাথা সপ্তপদী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া চার যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন, শহিদুল ইসলাম (৪৪) ও বোরহান শেখ (৫২)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, ঢাকার গাবতলী থেকে ঠাকুরগাঁও রাণীশংকৈলগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির সদস্য শহিদুল ও বোরহান যাত্রীবেশে উঠে পড়েন। এ সময় তারা আশপাশে থাকা যাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে সিরাজগঞ্জে বাসটির যাত্রা বিরতির সময় শহিদুল ও বোরহান ওই চার যাত্রীর সঙ্গে খাওয়ার টেবিলে বসে কৌশলে চেতনানাশক মিশিয়ে দেন। পরে বাস ছাড়ার পর যাত্রীরা অচেতন হয়ে পড়লে তাদের মুঠোফোন ও নগদ অর্থ লুট করে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশ সাতমাথায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করলে পালানোর সময় শহিদুল ও বোরহানকে গ্রেপ্তার করে।
তাদের থেকে ওই চার যাত্রীর কাছ থেকে হাতিয়ে নেওয়া পাঁচটি মুঠোফোন ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চেতনানাশক ওষুধ, স্প্রে, পান-সুপারি ও জর্দা জব্দ করা হয়।