‘আত্ম মানবতায় সমাজ গড়ি, দানে নয় নিজের টাকায় ইফতার করি’ সেøাগানে বগুড়ায় একদল তরুণ ব্যক্তিগত উদ্যোগে ১ টাকায় ইফতার বিক্রি করছেন। এই ইফতারের ক্রেতা হলেন, সমাজের পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, ছিন্নমূল, ভিখারি, পথচারী ও বৃদ্ধ রিকশাচালকেরা।
রমজানের প্রথম দিন থেকেই শহরের সাতমাথায় ‘লাইফ লাইন’ ব্যানারে ইফতার বিক্রি করছেন এই তরুণরা। রমজানজুড়ে তারা ১ টাকায় ইফতার বিক্রির কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার তারা ৫০০ প্যাকেট ইফতার ১ টাকা করে বিক্রি করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় কথা হয় ইফতার বিক্রি করা তরুণদের সঙ্গে। তারা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্নআয়ের মানুষ। রোজার মাসে খেটে খাওয়া এসব মানুষের ভোগান্তি আরও বেড়েছে। কাজের তাগিদে বেশির ভাগ দিনই ইফতারের সময় পথেঘাটে কাটাতে হয় তাদের। কিন্তু দাম বেশি হওয়ায় দোকান থেকে ইফতারসামগ্রী কিনে তৃপ্তি নিয়ে খাওয়ার সুযোগ নেই। সেই কথা বিবেচনা করে, বগুড়ায় নিম্ন আয় ও ছিন্নমূল মানুষের জন্য এক টাকায় ইফতার বিক্রি করছেন তারা।
ইফতার কিনতে আসা বৃদ্ধ রিকশাচালক মহররম আলী বলেন, ‘অন্য জায়গায় যে বিরিয়ানি কিনতে ৫০-৬০ টাকা লাগে, সেই বিরিয়ানি এখানে এক টাকা দিয়ে কিনতে পারছি।’
এক টাকায় ইফতার কিনতে আসা ভিখারি মরিয়ম বলেন, ‘আমরা সারাদিন অন্যের কাছে হাত পেতে চলি। ইফতার কেনার সামর্থ্য নাই। তারা এক টাকায় ইফতার দিচ্ছে অন্তত পেট ভরে খেতে পারছি। রোজার প্রথম দিন থেকে ইফতার কিনে খাচ্ছি।’
কর্মসূচির উদ্যোক্তা ভিডিও ও ফটোগ্রাফি পেশায় যুক্ত আহসান হাবীব সেলিম বলেন, ‘দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে। রমজানে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জন্য কিছু করার চিন্তা মাথায় আসে। প্রতিদিন এক টাকায় ইফতার বিক্রি করব এই পরিকল্পনার কথা পরিবারকে জানালে তারা আমার কাজকে সমর্থন করেন। আর্থিক ঘাটতি পূরণে নিজের শখের ক্যামেরা বিক্রি করে ইফতার বিক্রির কাজ শুরু করি।
সেলিম আরও বলেন, রমজান মাসজুড়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। অনেকেই এখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ইচ্ছা আছে ৫ টাকায় ঈদের একটি প্যাকেজ বিক্রি করব। যেখানে ঈদের খাবারের বিভিন্ন পণ্য থাকবে।
এই উদ্যোগের সঙ্গে ইকবাল, তপু, টুটুল, তুফানখানসহ আরও অনেকেই রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সেলিমের সঙ্গে যুক্ত হয়ে ৫০০ প্যাকেট গরুর গোশতের বিরিয়ানি দিয়েছেন প্রবাসী তুফান খান। এভাবে অনেকেই এই উদ্যোগে যুক্ত হচ্ছেন।
তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সুশীল সমাজের মানুষজন। এ বিষয়ে বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, ‘একদল মানুষকে বিনামূল্যে নয় বরং ১ টাকায় ইফতার করার সুযোগ করে দিচ্ছে। এতে যে ব্যক্তি ইফতার কিনছেন, তারা এই সমাজের ছিন্নমূল মানুষ। যারা দিনমজুর, অসহায় ও দুস্থ। বিষয়টি সত্যি অনন্য। এভাবে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।’