প্রতারণার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

নাটোরে প্রতারণার মামলায় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রিটার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

নজরুল ইসলাম উপজেলার গোপিনাথপুরের মৃত আমির আলী মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দরিদ্র গৃহহীনদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের অধীনে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা টিন সেড ঘর দেওয়ার কথা বলে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ উদ্দিন একই উপজেলার বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগমের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিনেও সেই ঘর না দেওয়ায় জয়নব বেগম তাদের কাছ থেকে টাকা ফেরত চাইলে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ ওই অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে জয়নব বেগম বাদী হয়ে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজকে অভিযুক্ত করে গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত থেকে জামিনে মুক্তি পেলেও দীর্ঘদিন তিনি আদালতে হাজির হয়নি। রোববার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।