নাটোরে প্রতারণা মামলায় আ. লীগ নেতা কারাগারে

নাটোরে প্রতারণা মামলায় গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রীটার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পূর্তি উপলক্ষে দরিদ্র গৃহহীনদের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঘর দেওয়ার কথা বলে নজরুল ইসলাম ও তার সহযোগী মফিজ উদ্দিন বৃন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগমের কাছ  থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও ঘর না দেওয়ায় জয়নব টাকা ফেরত চাইলে নজরুল ও মফিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

পরে নজরুল ও মফিজকে অভিযুক্ত করে গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা করেন জয়নব।