পবিত্র রমজানের দ্বিতীয় জুমায় মুসলমানদের প্রথম কেবলাখ্যাত ফিলিস্তিনের মসজিদুল আকসায় অন্তত আড়াই লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।
গত শুক্রবার অনুষ্ঠিত নামাজে ইসরায়েলি দখলদার বাহিনীর অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে মুসল্লিরা মসজিদুল আকসায় আসেন।
আল কুদসের (জেরুজালেম) ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিলের প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, রমজানের দ্বিতীয় জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। আল কুদস ও অন্যান্য স্থান থেকে আগত প্রায় ২ লাখ ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েছেন।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে আল কুদস শহরে ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিমতীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
এদিকে মসজিদুল আকসায় পশ্চিমতীরের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি বাহিনী। নির্দেশনা অনুসারে সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেরা জেরুজালেমে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে। এদিকে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের জন্য প্রবেশের পূর্ব-অনুমতি লাগবে।
দৈনন্দিন ইসলাম ডেস্ক