চট্টগ্রাম নগরে দুই দিনের ব্যবধানে পৃথক জায়গা থেকে নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী দুই শিশু কন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশু দুজন হলো-হালিশহরের রামপুরা এলাকার মো. আলমগীরের কন্যা জান্নাতুল ফেরদৌস মাইশা এবং খুলশীর সেগুন বাগান এলাকার বেলাল হোসেনের কন্যা জান্নাত আক্তার।
রোববার (২ এপ্রিল) রাতে হালিশহর থানাধীন সিএন্ডবি ও খুলশী থানাধীন মাস্টার লেইন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ মার্চ হালিশহর রামপুরা এলাকার বাসা থেকে নিখোঁজ হয় জান্নাতুল ফেরদৌস মাইশা। খোঁজাখুঁজি করে না পেয়ে ২৯ মার্চ হালিশহর থানায় জিডি করেন শিশুটির মা পারভীন আক্তার।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক জানান, নগরের বিভিন্ন সড়ক মোড়ের সিসিটিভি ক্যামরার ফুটেজ পর্যালোচনা করে দুই শিশুর অবস্থান শনাক্ত করা হয়। এরপর হালিশহরের সিএন্ডবি এলাকার মোহাম্মদ টিপু নামে এক ব্যক্তির হেফাজত থেকে মাইশাকে উদ্ধার করা হয়। কোনো আত্মীয়-স্বজনের নাম-ঠিকানা বলতে না পারায় নিরাপত্তার জন্য শিশু মাইশাকে নিজের বাসায় নিয়ে যান টিপু।
গত ২৭ মার্চ রাত ৯টার খুলশি সেগুন বাগান এলাকার ভাইয়ের বাসা থেকে নিখোঁজ হয় জান্নাত আক্তার (৯)। খোঁজাখুঁজির পর না পেয়ে খুশশি থানায় (জিডি) সাধারণ ডায়েরি করা হয়।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, নগরের মাস্টার লেইন এলাকার বাসিন্দা রেলওয়ে কর্মচারী রেহানা আক্তারের বাসা থেকে জান্নাতকে উদ্ধার করা হয়েছে।