যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নে এক যুবককে রশি দিয়ে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত রবিবার রাত ৯টার দিকে শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার মহিলা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কালাম মিয়া (৩৮) ওই এলাকার আবদুল হাইয়ের ছেলে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন খালপাড় এলাকার শহীদ মিয়ার ছেলে ইয়াসিন (২৫) ও হবি মিয়ার ছেলে মুবিন (২৩)।

কালাম মিয়ার ভাই হারুন মিয়া বলেন, গত ৭ মার্চ সন্ধ্যায় স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হলে তারা আমার ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে কয়েক দিন আগে সে বাড়ি আসে। ওই ঘটনায় আমার ভাই আবদুস সালাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর জেরে রবিবার রাতে কালাম বাড়ি ফেরার পথে তারা পেছন থেকে হাত-পা বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, ‘প্রাথমিকভাবে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে হালুয়াঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’