ভয়াবহ এক আগুন দেখল দেশবাসী। দেশবাসী নয়, পুরো বিশ্ব দেখল সে আগুন। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ও বিস্তৃত কাপড়ের বাজার, বঙ্গবাজার। ক্ষুদ্রার্থে বঙ্গবাজার পুড়লেও, বৃহদার্থে বঙ্গবাজার নামের আড়ালে পুড়ল চারটি বড় কাপড়ের মার্কেট। দোকান মালিকদের দাবি, এ ঘটনায় প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে আনুমানিক দুই হাজার কোটি টাকার।
সে আগুনে ছাই হয়েছে হাজার হাজার দোকানির স্বপ্ন। নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ। সবহারা মানুষের কান্না আর হাহাকারে ভারী হয়েছে বাতাস। তাদের এমন আহাজারীতে মর্মাহত দেশের শোবিজ অঙ্গনের মানুষেরাও। ব্যবসায়ীদের প্রতি তারা জানাচ্ছেন সহানুভূতি।
অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আহারে বঙ্গবাজার। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা…আগুনে ছারখার।’
অভিনেত্রী তানভীন সুইটি লিখেন, ‘চারিদিকে কান্নার শব্দ…আল্লাহ আমাদের বাঁচান।ছোট ছোট এই দোকানের মালিকদের কতো স্বপ্ন,ঈদে ভালো বিক্রি হবে, পরিবার নিয়ে ঈদ করবে, সব স্বপ্ন আগুন কেড়ে নিলো। আল্লাহ রহমত করেন বঙ্গবাজার….’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেন, ‘জ্বলছে বঙ্গবাজার! জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। একেকটা দোকান পুড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্বলেপুড়ে ছারখার ভস্ম হয়ে যাওয়া। হে আল্লাহ তুমি রক্ষা করো।’
চিত্রনায়ক ওমর সানী লিখেন, ‘স্বপ্ন সব শেষ, এটা আমারও তো হতে পারতো। বঙ্গবাজার ঢাকা, আল্লাহ তুমি হেফাজত কর আমাদের।’
চিত্রনায়ক সাইমন সাদিক লিখেন, ‘বঙ্গবাজার। আল্লাহ্ মাফ করুন।।।’
চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেন, ‘বঙ্গবাজারে ভয়াবহ আগুন। সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করছে। সাথে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, বিমানবাহিনী। ঈদের ঠিক আগে আগে এত বিশাল অংকের ক্ষতি, দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যাওয়া- এই কান্নার রোল, এই আর্তনাদ সামলে উঠুক শোকতপ্ত মানুষগুলো। সান্ত্বনা জানানোর ভাষাও খুঁজে পাচ্ছি না।’