রাজশাহী নগর জামায়াতের আমিরসহ আটক ৪

পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীসহ ৪ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর হেতেমখাঁ পানির ট্যাংকি এলাকা থেকে তাদের বোয়ালিয়া মডেল থানা পুলিশ আটক করে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভ মিছিলে বাধা দেয়ায় তারা পুলিশের ওপর হামলা চালিয়েছিলো।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, কোনো অনুমতি না নিয়েই সোমবার দুপুর ১২টার দিকে নগরীর হেতমখাঁ পানির ট্যাংকি এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতা কর্মীরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ঘটনার পরই সেখান থেকে নগর জামায়াতের আমির ড. কেরামত আলীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। আটক অন্য তিনজন নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা।

সোহরাওয়ার্দী হোসেন জানান, জামায়াত শিবিরের হামলায় পুলিশের দুই কনসটেবল আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।