ছুরিকাঘাতে সাবেক ছাত্রলীগ নেতা খুন, আটক ১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু মুছা ছোটন।

মঙ্গলবার ইফতারের কিছু পরই হত্যার এ ঘটনা ঘটে। খুনের এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন আকিদ নামের এক যুবককে আটক করে কালীগঞ্জ থানা পুলিশে দিয়েছে।

আবু মুছা উপজেলার শ্রুতিধর হাজির স্কুল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার শ্রুতিধর (হাজির স্কুল) এলাকার নিজ বাড়িতে ইফতার শেষে পাশের একটি দোকানে যাওয়ার সময় ছোটনকে কথা বলার জন্য স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে যায় প্রতিবেশি আনোয়ার হোসেনের ছেলে আকিদ। এরপর সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছাত্রলীগ নেতাকে। তার আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আকিদকে আটক করে।

এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই মারা যায় আবু মুছা ছোটন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোটনকে খুন করা হতে পারে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা বলা সম্ভব হবে।