অবশেষে শোকজের জবাব দিলেন সেই তিন ছাত্রলীগ নেত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় বাকি তিন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী শোকজের জবাব দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

এর আগে শোকজ নোটিশের জবাব দিতে অভিযুক্ত তিন ছাত্রী অতিরিক্ত সময় চেয়েছিলেন। বুধবার (০৫ এপ্রিল) জবাব দেওয়ার শেষ দিন ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে গত ৪ মার্চ ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া বৈঠকে সাত কার্য দিবসের মধ্যে কেন তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান জবাব দেন।

অপরদিকে অভিযুক্ত তিন ছাত্রলীগ নেত্রী পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, আইন বিভাগের ইসরাত জাহান মিম ও চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ইবি কর্তৃপক্ষ বুধবার (৫ এপ্রিল) পর্যন্ত সময় বৃদ্ধি করেন। শেষ দিনে এসে তারা শোকজের জবাব দিয়েছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমরা অভিযুক্ত পাঁচজনের জবাব পেয়েছি। বাকি করণীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে। ছাত্র শৃঙ্খলা কমিটি রিপোর্টগুলো পর্যালোচনা করে অ্যাকাডেমিক কাউন্সিলে পাঠাবে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটে।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে।