বিএনপির দাবি মেনে নির্বাচন কমিশন ইভিএম বাদ দিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন অনেকটা তাদের দাবি মেনে নিয়ে ইভিএম বাদ দিয়ে ব্যালটে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন যদি নির্বাচনে আসে তবে তাদের জন্য মঙ্গল হবে।

তিনি বলেন, বিএনপির ব্যালটের প্রতি কোন আস্থা নেই, ইভিএমের প্রতিও আস্থা নেই। আসলে বিএনপির নিজেদের প্রতিই কোন আস্থা নাই। কারণ বিএনপি জনগণ থেকে অনেক দূরে সরে গেছে এটা তারা জানে। এভাবে ক্রমাগত নির্বাচন থেকে পালিয়ে যেতে যেতে এক সময় বিএনপি দলটাই জনগণের কাছ থেকে পালিয়ে যাবে।

বুধবার (০৫ এপ্রিল) চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্পেশাল কনভোকেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিন ডেভিট টেইলর বীনাকোনার সভাপতিত্বে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর কামাল আহমেদ, বর্তমান ভিসি রুবানা হক, ইউনিভার্সিটি অব ব্রাসেলসের চেয়ারম্যান প্রফেসর এন্ড্রে সেনকেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নেহাল আহমেদ প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালে বিএনপি সর্বশক্তি দিয়ে নিবার্চনে অংশগ্রহণ করেও মাত্র ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচন থেকে পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালে সকলকে নিয়ে ঐক্য করে আসন পেয়েছিল ৬টি, মহিলা আসন সহ ৭টি। তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও তাদের সম্ভাবনা কমে গেছে। সে জন্য বিএনপির নির্বাচন বা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা নেই।

তিনি আরও বলেন, এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৪০ একর জমি বরাদ্দ করেছে। যার প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিশ্ববিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান। এ দেশে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের কাছ থেকে এত বেশি সাহায্য-সহযোগিতা পায়নি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গত ১৪ বছরে নারীদের অনেক অগ্রগতি হয়েছে। এখন দেশের সকল ক্ষেত্রে নারীরা কাজ করছে। এখন আমাদের সুপ্রিম কোর্টের বিচারক, পুলিশের এসপি, ডিসি প্রায় সব ক্ষেত্রে নারীরা কাজ করছে। এক সময় নারী ডিসি বা এসপি অথবা ইউএনও হবে সেটা কল্পনাও করতে পারেনি।