পাকিস্তানে স্বর্ণের ভরি ২ লাখের উপরে

নজিরবিহীন আর্থিক সংকট ও মূল্যস্ফীতিতে ভুগছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪ শতাংশে।

এরই মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে স্বর্ণের দাম। বর্তমানে পাকিস্তানে ২৪ ক্যারেটের স্বর্ণ কিনতে ক্রেতাকে দিতে হচ্ছে ভরি প্রতি দুই লাখ ১৭ হাজার রুপি।

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির নজিরবিহীন পতনের পর নতুন করে এ দর নির্ধারণ করা হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানায় জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয় অল-পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (এপিএসজিজেএ) স্বর্ণের নতুন দর প্রকাশ করেছে। দেশটিতে সর্বশেষ ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে আড়াই হাজার রুপি। অন্য মানের স্বর্ণের দামও বেড়েছে একই হারে।

তবে স্বর্ণের দামের লাগাম না টানা না গেলেও অপরিবর্তিত রূপার দাম। ভরি প্রতি রুপা বিক্রি হচ্ছে ২৪৫০ রুপিতে।

এদিকে মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন হয়েছে। এদিন মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ছিল ২৮৭ দশমিক ৮৫। মূলত এরই প্রভাব পড়েছে স্বর্ণের দামে।