অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে অনুমোদনহীনভাবে রং মিশিয়ে লাচ্ছা সেমাই তৈরি করায় সাভারের দুটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৪৮০ কেজি ভেজাল লাচ্ছা সেমাই পুড়িয়ে দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার ভাকুর্তা ইউনিয়নের নান্দনিক হাউজিং এলাকায় আল মুসলিম লাচ্ছা সেমাই কারখানা ও বনগাঁও এলাকার নাছির ফ্রুট প্রোডাক্ট কারখানায় এ অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, আল মুসলিম লাচ্ছা সেমাই কারখানায় গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নাছির ফ্রুট প্রোডাক্ট কারখানাটি অবৈধ হওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়।