ফ্রেঞ্চ লিগে নিজেদের শেষ দুই ম্যাচে হেরেছে ফরাসি ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে থাকলেও রেনে ও'লিওর সঙ্গে হারের ফলে লিগে দ্বিতীয় দলটির সঙ্গে পিএসজির পয়েন্টের পার্থক্য নেমে এসেছে ছয়ে।
এদিকে, শনিবার (৮ এপ্রিল) রাতে পিএসজি নামবে নিসের বিপক্ষে। তার আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে বললেন, পিএসজির এ পরিস্থিতি অগ্রহণযোগ্য।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ অপরাজিত নিসের বিপক্ষে ম্যাচটা কঠিন হতে পারে পিএসজির। লিগেও শেষ চার ম্যাচ ড্র করেছে নিস। আর তারা খেলবে ঘরের মাঠে; তাই বাড়তি সতর্ক থাকতে হবে পিএসজিকে।
গালতিয়ে বলেন, সামনের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, নিস টানা অপরাজিত আছে। এরপর লেন্সের বিপক্ষে খেলা। জয়ের জন্য এর চেয়ে আরও বেশি কিছু করতে হবে, সবারই নিজের কাজ নিয়ে সচেতন হতে হবে। ৬ পয়েন্টে এগিয়ে থাকলেও তা যে লিগ জয়ের জন্য যথেষ্ট নয় তা ভালোই জানা আছে পিএসজি কোচের।
তিনি বলেন, পিএসজি ১১তম শিরোপার জন্য লড়ছে। খেলোয়াড়দের বলেছি ৬ পয়েন্টের লিড দিয়ে কী করব ? নিজেদের গুটিয়ে নেব না কি প্রতিক্রিয়া দেখাব।
অপরদিকে, পিএসজি ভক্তদের ২০২৩–২৪ মৌসুমে টিকিট নবায়নের আহ্বান জানিয়ে প্রকাশ করা ভিডিওতে লিওনেল মেসি বা নেইমারকে দেখা যায়নি, ছিলেন এমবাপ্পে। কিন্তু, ভিডিওটির বিষয়বস্তু নিয়ে খোদ এমবাপ্পে নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যেমে আপত্তি জানিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। এ বিষয়ে গালতিয়ে জানান, এটি ক্লাব ও এমবাপ্পের ব্যাপার।
অন্যদিকে, পিএসজির ওয়েবসাইটে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিসের বিপক্ষে পরবর্তী ম্যাচে মার্কো ভেরাত্তিকে মিস করছে তারা।