করোনা সংক্রমণ নিয়ে চীনের নতুন প্রতিবেদন

চীনের যে বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে শুরু থেকে শোনা গেছে, সেখান থেকে তিন বছরের বেশি সময় আগে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণের পর নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির এক গবেষক দল।

গবেষণায় দেখা গেছে, যেসব নমুনায় করোনাভাইরাস পজিটিভ ছিল সেগুলোতে বন্যপ্রাণীর জেনেটিক উপকরণও পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাস যে প্রাথমিকভাবে আক্রান্ত পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে, এ গবেষণা প্রতিবেদনের মধ্য দিয়ে তার আরও প্রমাণ পাওয়া গেছে।

তবে অন্যরা গবেষণার ফল ব্যাখ্যায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভাইরাসটি দুর্ঘটনাবশত উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছিল বলে আরেক তত্ত্বও শোনা যায়।

চীনের গবেষক দলটি ফেব্রুয়ারিতে অনলাইনে তাদের গবেষণার প্রাথমিক ফল পোস্ট করলেও বাজার থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় কী জেনেটিক তথ্য পাওয়া গেছে তা পুরোপুরি প্রকাশ করেনি। নতুন গবেষণা প্রতিবেদনটি ওইসব নমুনায় থাকা উপকরণ নিয়ে নেচার সাময়িকীতে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি বলছে, করোনাভাইরাসের উৎস সন্ধানে হুয়ানান সামুদ্রিক খাবার এবং বন্যপ্রাণীর বাজারের কথাই মূলত শোনা গেছে।