ফটিকছড়িতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ঈদের কেনাকাটা করতে এসে ট্রাকচাপায় মো. সোহেল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শৈলকূপা এলাকার আবুল বশরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৩ যুবক উপজেলার নারায়নহাট থেকে বিবিরহাট বাজারে আসার পথে ফায়ার স্টেশন এলাকায় আসলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহেল। এ ঘটনায় গুরুতর আহত অপর দু'জনকে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার।