বৃষ্টি শুরু হওয়ায় এডিস প্রজননের শঙ্কা বাড়ছে

বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গু ভাইরাস বাহিত এডিস মশার প্রজননের শঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ জন্য সিটি করপোরেশন, পৌরসভাসহ সংশ্লিষ্টদের কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন। পাশাপাশি মন্ত্রী সবাইকে নিজ নিজ বাসা-বাড়ির আঙিনায় এডিসের প্রজনন উৎস ধ্বংসের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (০৯ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ আয়োজিত আসন্ন বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক চলতি বছরের প্রথম আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিন এ খান প্রমুখ।

সভায় জানানো হয়, গত দুই মাসে সিঙ্গাপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৬২ জন, মালয়েশিয়ায় ১৭ হাজার ৩৮৮ জন, শ্রীলঙ্কায় ১৪ হাজার ৯৮৯ জন। আর বাংলাদেশে গত তিন মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭৫ জন।

সভায় আলোচনা হয়, মশাবাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনার পর আসন্ন বর্ষা মৌসুমে ঢাকাসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসনকল্পে সিটি কর্পোরেশন সমূহের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৫টি খাল পানি প্রবাহের উপযুক্ত করতে খননসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।