গাজীপুর সিটি নির্বাচন

নির্বাচনী পোস্টার বিলবোর্ড সরাতে গণবিজ্ঞপ্তি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য যেসব প্রার্থী বিলবোর্ড ও পোস্টার লাগিয়েছেন তাদেরকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে নিজ দায়িত্বে তা অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচনের রিটার্নিং মো. ফরিদুল ইসলাম।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের আগে আগামী ১৩ এপ্রিলের মধ্যে সিটি নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানারসহ বিভিন্ন প্রচারপত্র স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়ালের লিখন মুছে ফেলতে হবে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সিটি করপোরেশন (নির্বাচন আচরণবিধি) বিধিমালা, ২০১৬-এর ৫ বিধি অনুয়ায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।