ভৈরবে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ভাঙচুর

কিশোরগঞ্জের ভৈরবে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ সময় ২০-৩০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকানে লুটপাট করা হয়।

গত রবিবার রাতে শহরের পঞ্চবটি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইট-পাটকেলের আঘাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হাছান আহত হন। ভাঙচুর করা হয় উপপরিদর্শক মনিরুজ্জামানের ব্যবহার করা মোটরসাইকেলটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে পঞ্চবটি বউবাজার এলাকার রাস্তায় থাকা গোবরে পা লাগে কাউসার মিয়ার ছেলে সজিবের। এটি দেখে হাসাহাসি করে একই এলাকার সৌদিপ্রবাসী মামুন মিয়ার ছেলে নোবেল। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতন্ডা এবং হাতাহাতি হয়। পরে উভয়ের বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়। ভৈরব শহর ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, রাতের অন্ধকারে সংঘর্ষ হওয়ায় লোকজনদের চেনা যাচ্ছিল না। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।