পাওনা অর্থ পরিশোধের দাবিতে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের নামে মামলা হয়েছে। টুইটারের সাবেক সিইও পরাগ আগরওয়ালসহ চাকরি হারানো শীর্ষ তিন কর্মকর্তা এই মামলাটি করেছেন।
গতকাল সোমবার তারা এই মামলা করেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
বাকি দুই কর্মকর্তা হলেন টুইটারের সাবেক প্রধান আইন কর্মকর্তা বিজয়া গাড্ডে ও সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল। গত বছর টুইটার কেনার পর তাদেরকে বরখাস্ত করেন এলন মাস্ক।
মামলার এজাহারে এই তিন কর্মকর্তা দাবি করেন, টুইটার থেকে চাকরি হারানোর পর তাদের তদন্ত এবং মামলা পরিচালনা বাবদ খরচ করতে হয়েছে। আইনত এ খরচ টুইটার কর্তৃপক্ষ বহন করতে বাধ্য। হলেও তা করা হচ্ছে না। তাই পাওনা বাবদ ১০ লাখের বেশি ডলার আদায়ে মামলা করেছেন তাঁরা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে একটি ইমোজি পাঠিয়ে জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি।