যেখানেই খেলছেন, প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন সৌম্য সরকার। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও ছন্দে নেই জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। বাঁহাতি এই স্ট্রাইলিশ ব্যাটারকে নিয়ে তাই হতাশা লুকাচ্ছেন না নির্বাচকরাও।
ফতুল্লায় মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যেকার ম্যাচের ফাঁকে হাবিবুল বাশার যেমন বললেন, ‘ওর কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক আসলে তা পাচ্ছি না।’
ব্রাদার্সের বিপক্ষে এদিন ১২ বলে ৯ রান করে আউট হন সৌম্য। আগের ৮ ম্যাচে মাত্র একটি ফিফটি ছোঁয়া ইনিংস তার। অগ্রণী ব্যাংকের বিপক্ষে করেছিলেন ৫৬ রান। এ ছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪১ রান করেন। এর বাইরে তার বলার মতো ইনিংস নেই।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক কমিটির সদস্য হাবিবুল আরও বলেন, ‘কিছুদিন আগেও ও (সৌম্য) দলের সঙ্গে ছিল। অতীতে সে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচ উইনার। ঘরোয়া লিগেও ওর কাছে যেরকম প্রত্যাশা করছি, ওরকম পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ওর সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। যেমনটা প্রত্যাশা করছি, ঠিক তেমনটা হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।’
নির্বাচকদের ভাবনায় থাকার পরও শুধু পারফরম্যান্সের জন্যই সৌম্যর যে জাতীয় দলে ফেরা হচ্ছে সেটা পরিস্কার হাবিবুলের এই কথায়। বলছিলেন, ‘কিছুদিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে সে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচ উইনার। ঘরোয়া লিগেও ওর কাছে যেরকম প্রত্যাশা করছি, ওরকম পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ওর সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। যেমনটা প্রত্যাশা করছি, ঠিক তেমনটা হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।’
২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক সৌম্যর। সবশেষ খেলেছেন ২০২২ সালের নভেম্বরে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে।
এখন পর্যন্ত ১৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করেছেন সৌম্য।