বিদ্রুপের শিকার জাহ্নবী

একটা সময় কোনো তারকা নিয়ে সমালোচনা হলে সেটা ছিল বিরাট বিষয়। তা শুধু তারকার ক্যারিয়ার নয়, ব্যক্তিজীবনেও প্রভাব ফেলত। কারণ তখন সমালোচনা হতো বড় কোনো ইস্যু নিয়ে। কিন্তু এখন যুগ বদলেছে। পান থেকে চুন খসলেই তারকাদের বিদ্রুপের শিকার হতে হয়। আগের সমালোচনা ছিল গঠনমূলক, কিন্তু এখন যেন আক্রোশ প্রকাশ করা হয়। রীতিমতো গালিগালাজ, অপমানসূচক কথাবার্তা যেন তারকাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তারমধ্যেও তারকারা বিপুল সংখ্যক ভক্তদের ভালোবাসায় সিক্ত হন। সেই ভালোবাসার শক্তিতেই সব নেতিবাচকতা পাশ কাটিয়ে এগিয়ে যান সামনের দিকে।

বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে হরহামেশাই সোশ্যাল মিডিয়ায় টার্গেট করা হয়। এবারও তাই হয়েছে। বলিউডে বিভিন্ন অনুষ্ঠানে বাহারি পোশাকে হাজির হন তারকারা। ৭ এপ্রিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘পিংকভিলা স্টাইল আইকন সিজন টু’। সেই অনুষ্ঠানে জাহ্নবী যে পোশাকে হাজির হয়েছিলেন, এর নিচের অংশটি ছিল বেশ লম্বা, যা সামলাতে বেগ পেতে হয়েছে অভিনেত্রীকে। অনুষ্ঠানে জাহ্নবীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লালগালিচায় ওঠার সময় পোশাকের নিচের অংশে পা আটকে যায় অভিনেত্রীর। পা আটকে পড়েও যেতে পারতেন, তবে তার ডিজাইনার এসে উদ্ধার করেন জাহ্নবীকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শিকার হন জাহ্নবী। এক ভক্ত মন্তব্য করেন, ‘এমন অস্বস্তিকর পোশাক পরার দরকার কী?’; আরেক ভক্ত মন্তব্য করেন, ‘এমন পোশাক পরলে সঙ্গে একজন সাহায্যকারী থাকা প্রয়োজন।’