সিটি ব্যাংকের মুনাফা কমেছে ১৩ শতাংশ

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক দি সিটি ব্যাংক লিমিটেডের নিট মুনাফা কমে গেছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা ১৩ দশমিক ১ শতাংশ কমেছে। সর্বশেষ হিসাব বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ৪৭৭ কোটি ৮৪ লাখ টাকা। ২০২১ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৫৪৯ কোটি ৪১ লাখ টাকা। ২০২২ সালের জন্য পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ। গতকাল ব্যাংকটির পর্ষদ সভা এ সিদ্ধান্ত নিয়েছে।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরে ছিল ৪ টাকা ৫৮ পয়সা।

পরিচালনা পর্ষদের একই বৈঠকে ব্যাংকটি নাম দ্যা সিটি ব্যাংক লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত কোম্পানি আইনের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন করা হচ্ছে।