মিয়ানমারে জান্তার হামলায় নিহত অন্তত ৫৩

মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একটি অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে ক্ষমতাসীন সামরিক বাহিনী এবং এতে নিহত হয়েছেন অন্তত ৫৩ জন মানুষ। এই নিহতদের মধ্যে অনেক বেসামরিক লোকজনও আছেন। মঙ্গলবার সকালে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইং প্রদেশে ঘটেছে এই ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিডিএফ নেতা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সকালে সাগাইংয়ে তাদের স্থানীয় অফিসের আঙিনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অতর্কিতে সামরিক বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান সেখানে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে এবং তাতে বেশ কয়েকজন হতাহত হন। এই হতাহতদের মধ্যে বেসামরিক লোকজন আছেন। আমরা এখনো মরদেহ উদ্ধার শুরু করিনি। তাই ঠিক কতজন মারা গেছেনÑ বলতে পারছি না।’ তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার।