আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সরাসরি না এলেও ঘোমটা পরে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটা বিএনপির একটা ভ-ামি। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। দলের নেতাদের সঙ্গে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সিটি নির্বাচনে আমরা তাদের (বিএনপি) আমন্ত্রণ করছি না। নির্বাচন অংশগ্রহণ করা তাদের অধিকার। জাতীয় নির্বাচনে যেমন সিটি নির্বাচনেও তেমন। আমরা লক্ষ করেছি যে বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে বিএনপির ধানের শীষ ছিল না, কিন্তু ঘোমটা পরে সবখানেই তাদের প্রার্থী ছিল।’
আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপির ঘোমটা পরা প্রার্থী থাকবেন দাবি করে তিনি বলেন, ‘সিলেটের বর্তমান মেয়র আরিফ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন। কাজেই অন্যান্য সিটিতেও ঘোমটা পরা তাদের স্বতন্ত্র প্রার্থী রয়েছে।’
বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি, বিএনপি মুক্তিযুদ্ধের সম্পর্কিত দিবসগুলোকে অস্বীকার করে। ৭ মার্চ, ১৭ এপ্রিলসহ কিছু দিবস তারা পালন করে না বলেও উল্লেখ করেন কাদের। তিনি বলেন, ‘দেখবেন বিজয় দিবসে তাদের প্রোগ্রামে বঙ্গবন্ধু নেই, স্বাধীনতা দিবসেও দেখবেন বঙ্গবন্ধু নেই, জিয়াউর রহমান যা শুরু করে দিয়ে গেছে, সেই ধারা বিএনপিতে এখনো অব্যাহত রয়েছে।’
‘আওয়ামী লীগ ৩০ সিটের বেশি পাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রমাণ করবেন কীভাবে? নির্বাচনে আসেন, জনগণ ভোট দেবে। মনে কি নেই ২০০৮ সালে নির্বাচনের আগে বেগম খালেদা যে বলেছিলেন, আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। মনে আছে? মির্জা ফখরুলের দেশনেত্রী কথা কি বলেননি? পরে দেখা গেল বিএনপিই পেয়েছে ৩০ আসন। এখন আবার সেই পুরোনো দম্ভোক্তি তারা করে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রমুখ।