রেলপথে ইরানে যাচ্ছে রাশিয়ার জ্বালানি

ইরানে রেলপথে জ্বালানি রপ্তানি শুরু করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণের কারণে দেশটির জ্বালানিতে পশ্চিমা নিষেধাজ্ঞার পর তেল ও গ্যাসের জন্য নতুন বাজার খুঁজতে থাকা রাশিয়া প্রথমবারের মতো ইরানে রেলপথে জ্বালানি সরবরাহ করছে। রুশ তেল পণ্যের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানি বাজারকে নতুন রূপ দিয়েছে। এখন দূর পথে ট্যাংকার ব্যবহার করে জ্বালানি রপ্তানি করছে রাশিয়া। একই সঙ্গে জ্বালানি পরিবহনের নতুন নতুন উপায়ও কাজে লাগানো হচ্ছে। কয়েক বছর ধরে ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে এবং বিশ্ববাজারে দেশটির প্রবেশাধিকার সীমিত। মধ্য এশিয়ার একজন তেল ব্যবসায়ী বলেছেন, ইরান তেল উৎপাদনকারী দেশ এবং নিজস্ব শোধনাগার রয়েছে। কিন্তু সম্প্রতি দেশটিতে জ্বালানির অভ্যন্তরীণ চাহিদা উৎপাদনকে ছাড়িয়ে গেছে। দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ইরানকে ৩০ হাজার টন পেট্রল ও ডিজেল সরবরাহ করেছে রাশিয়া। এই জ্বালানি রাশিয়া থেকে কাজাখস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে রেলপথে সরবরাহ করা হয়। যদিও রাশিয়া ও ইরানের তেল মন্ত্রণালয় রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।