অত্যাধুনিক প্রযুক্তির একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (১২ এপ্রিল) সকালে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়, যা রাশিয়ার শত্রুদের জন্য একটি নতুন সতর্কবার্তা।
এর আগে মঙ্গলবার দেশটি কাস্পিয়ান সাগরের আস্ট্রহান অঞ্চলের কাপুস্টিন ইয়ার পরীক্ষা এলাকা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে। এটি পরিকল্পনা অনুযায়ী মিত্র দেশ কাজাখিস্তানের একটি এলাকায় আঘাত হানে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রের ‘যুদ্ধ ক্ষমতা’ পরীক্ষা করেছে রাশিয়া। গত এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে মস্কো। হামলায় অন্যান্য অস্ত্রের পাশাপাশি ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার এমন আগ্রাসন ইতোমধ্যে পশ্চিমাদের সামরিক চিন্তা বাড়িয়ে দিয়েছে। এমনকি এটি পারমাণবিক যুদ্ধের ভয়ঙ্কর সম্ভাবনাকেও উসকে দিচ্ছে।
সম্প্রতি ক্রেমলিন ঘোষণা দিয়েছে, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করা হবে। এই অস্ত্রগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কম পাল্লার। তারপরও সেগুলো পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারে।
সূত্র : আল আরাবিয়া