‘মাত্র হাতে গোনা কয়েকটি হলে এত ছবি মুক্তি দেওয়া বোকামি। অনেকেরই ধারণা আগের বছরের মতো হবে অনেক আলোচনা, হলে হলে যাওয়া এবার (শাকিব, অনন্ত) আছে, তাদের ছবির হাইপের সঙ্গে সঙ্গে এই ছবিগুলো চলে যাবে, বা হলের অবস্থা ভালো না, অন্য সময় মুক্তি দেওয়ার চেয়ে এখন দিলে অন্তত কিছু টাকা আসবে। তবে সত্য বলতে গেলে এর কিছুই হবে না। বরং ঈদে ৩টা এবং তার পরে সপ্তাহে, সপ্তাহে বাকিগুলো মুক্তি দিলে কোরবানি ঈদ পর্যন্ত ছবিগুলো আলোচনায় থাকত। আবার কোরবানি ঈদে কিছু মুক্তি দিলে ভালো হতো। আমাদের সময় এমন ৭/৮/১০টা মুক্তি পেত। তখন হল ছিল ১৮০০ থেকে ২০০০। এখন এভাবে মুক্তি দেওয়া অযৌক্তিক। আজ অব্দি আমি যে কয়টি ছবির টিজার দেখেছি তা যথাযথ ঈদের ছবির আয়োজন বলে মনে হয়নি। তারপরেও ছবিগুলোর জন্য শুভকামনা। শাকিবের উচিত তার ছবি নিয়ে পূর্ণ মার্কেটিং করা। মানুষ এখন অনেক স্মার্ট। নামের ওপর ছবি চলার দিন শেষ। রাগ, অভিমান ভুলে নতুনত্ব বজায় রেখে তার প্রমোশন করা উচিত। অনেক বড় বড় সুপারস্টার রাগের কবলে পরে হারিয়ে গেছে। মানুষ জয়ীদের সঙ্গে থাকে। শাকিবের প্রতি আমার বুক ভরা ভালোবাসা।’
গতকাল চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী নূতন আসন্ন ঈদুল ফিতরে মুক্তি প্রতিক্ষীত সিনেমা নিয়ে এমন একটি স্ট্যাটাস তার ফেসবুকে পোস্ট করেছেন।